নেইমার ছাড়াও ব্রাজিলের কয়েকজনের 'শেষ' দেখছেন আনচেলত্তি

মঙ্গলবার সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানার ম্যাচ শেষে নেইমার ইঙ্গিত দিয়েছেন তিনি আর ব্রাজিলের হয়ে খেলতে চান না। এর আগে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ শেষেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।

নেইমারের জাতীয় দল থেকে নেইমারের অবসরের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে কোচ আনচেলত্তি বলেছেন, 'নেইমারের মতো খেলোয়াড়দের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। একটি প্রজন্মের সমাপ্তি ঘটে এবং আরেকটি নতুন প্রজন্মকে আসতে হয়, যাদের আগের প্রজন্মের চেয়েও ভালো হতে হবে।'

ইএসপিএন দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি আরও স্পষ্ট করেন যে ক্যাসেমিরো, দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জাতীয় দলের অধ্যায়ও হয়তো শেষ হয়ে এসেছে। তবে মার্কিনহোসের মতো দু-একজন অভিজ্ঞ ফুটবলার নতুন চক্রেও থাকতে পারেন।

তিনি বলেন, 'এটি একটি সময়ের সমাপ্তি। তাদের অবদানের জন্য আমাদের ধন্যবাদ জানানো উচিত। তবে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের জায়গায় আমাদের এখন ভবিষ্যতের কথা ভাবতে হবে এবং নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে হবে।'

বিশ্বকাপে নেইমারের উপস্থিতি এবং ইনজুরি নিয়ে আনচেলত্তি বলেন, টুর্নামেন্টের আগে অনুশীলনে ভালো প্রস্তুতি নিতে না পারা এবং প্রথম ম্যাচের বদলে চতুর্থ ম্যাচে গিয়ে পুরোপুরি প্রস্তুত হওয়াটা কেবল কিছুটা আক্ষেপের বিষয় ছিল। তবে দলের প্রতি নেইমারের মনোভাব ও গুরুত্ব নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই।

তিনি যোগ করেন, "শারীরিক সমস্যার কারণে মাঠের টেকনিক্যাল খেলায় তিনি হয়তো প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারেননি, তবে তাঁর মনোভাব ছিল অত্যন্ত ইতিবাচক। ২৬ জনের স্কোয়াডে তাঁকে রাখাটা সঠিক সিদ্ধান্তই ছিল।"