চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ) সদস্যরা। পরে অজগরটি গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকার একটি ডোবা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় সাপটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া।
এবিষয়ে থ্রিএসএস গ্রুপের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে সেটিকে গহীন অরণ্যে অবমুক্ত করে দেই। উদ্ধার হওয়া অজগরটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।
তিনি জানান, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।