অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে যাওয়ার আগে মিরপুরে বিসিবির কমপ্লেক্সে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সংবাদ সম্মেলন। প্রশ্ন শুরু হওয়ার আগে শান্ত নিজেই সাংবাদিকদের প্রশ্ন করলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দলের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি'। একজন সাংবাদিক বললেন, 'ভালো খেলা'। শান্ত পাল্টা বললেন, 'এই উত্তরটা আমি দিলে আপনারা মানতেন'। বলেই হাসলেন, এবং সাংবাদিকদের মধ্যেও সেই হাসি ছড়িয়ে গেলো।
এরপর সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি প্রায় একই রকম কথা বললেন, 'অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য থাকবে কতো ভালো ক্রিকেট খেলা যায়।'
তিনি যোগ করেন, 'আমরা যেভাবে খেলছি, সেটাই যেনো কন্টিনিউ করতে পারি, এর নিচে যেনো না যাই।'
চোটের কারণে প্রধান ফাস্ট বোলার নাহিদ রানাকে ছাড়াই অস্ট্রেলিয়াকে যেতে হচ্ছে। শান্ত বললেন, 'নাহিদ রানা থাকলে ভালো হতো। তবে চোটের উপর তো কারো হাত নেই। আমাদের ফাস্ট বোলার যারা আছি, আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়ার উইকেটে তাদের ২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে।' অস্ট্রেলিয়া গামী দলে ফাস্ট বোলার হিসেবে দলে আছে- তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং নবাগত মুশফিক হাসান।