এডিপি বাস্তবায়নে টানা অবনতি, পাঁচ বছরে সর্বনিম্ন

২০২৫-২৬ অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬৭ দশমিক ৫২ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় মোট ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার উন্নয়ন ব্যয় বাস্তবায়িত হয়েছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ১৮৯ কোটি ৮৩ লাখ টাকা এবং বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ১৮ শতাংশ। ফলে টানা দ্বিতীয় অর্থবছরের মতো এডিপি বাস্তবায়নের হার ৭০ শতাংশের নিচে অবস্থান করছে।

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরে এডিপি বাস্তবায়নের হার ধারাবাহিকভাবে কমেছে। ২০২১-২২ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৯২ দশমিক ৭৪ শতাংশ। পরের বছর ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮৫ দশমিক ১৭ শতাংশে। ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে হয় ৮০ দশমিক ৬৩ শতাংশ।

এরপর ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৬৮ দশমিক ১৮ শতাংশে এবং সর্বশেষ অর্থবছরে আরও কমে ৬৭ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছে।