ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ সুড়ঙ্গ করা সেই পাইপগুলো অপসারণ 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশের দ্বিতীয় বৃহৎ মেঘনা ধনাগোদা প্রকল্পের "বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প" শিরোনামে গত সোমবার (২৭ জুলাই) সকালে দৈনিক দেশ রূপান্তরের অনলাইনে সংবাদ প্রকাশ হয়।

সংবাদ প্রকাশের একদিন পর উপজেলা প্রশাসন ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ যৌথভাবে পুলিশের সহযোগিতা নিয়ে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে বাঁধের জন্য ঝুঁকিপূর্ণ এই পাইপগুলো অপসারণ করেন। অপসারণ করে সকল পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। ব্যাপক অভিযান চালিয়ে এই পাইপ অপসারণ এর দৃশ্য দেখে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

সেচ প্রকল্পের বাঁধ হুমকির মধ্যে ফেলে বাঁধের পাকা প্রধান রাস্তা ফুটো করে অবৈধ পাইপ লাগিয়ে বালুর ব্যবস্থা করা সেই প্রভাবশালীদের পাইপ অপসারন করা দেখতে আসা উপস্থিত জনতা অভিযানকে স্বাগত জানান। এসময় তারা জানান, এধরনের অভিযান অব্যাহত থাকলে কেউ আর এই বাঁধ হুমকিতে ফেলার মতো এ ধরনের অপরাধ করতে সাহস পাবেনা।  

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা আরো জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অফিস সেচ প্রকল্প এলাকা থেকে অনেক দূরে, সেই জেলা সদরে। তাই অফিসটি যদি প্রকল্প এলাকাতেই থাকতো তাহলে সেচ প্রকল্পটি দেখবাল বা মনিটরিং করা খুবই সহজতর হতো।

এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমতউল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন, শাখা ব্যবস্থাপক শামীম আহমেদ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

অবৈধ এই পাইপ অপসারনকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের প্রতিনিধিত্বকারী তাদের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন জানান, বাঁধের ক্ষতিকর অবৈধ এই পাইপগুলো আমরা প্রশাসনের সাথে যৌথভাবে অপসারণ করি। বাঁধটি তথা প্রকল্পটি টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কথাহলে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ধনাগোদা সেচ প্রকল্প একটি বৃহৎ প্রকল্প এটি টিকিয়ে রাখতেই অবৈধভাবে ব্যবহার করা ও বাঁধের জন্য ক্ষতিকর এই পাইপগুলো অপসারণ করা হয়েছে। এর পর এরকমটা হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাঁধের ক্ষতিকর সেই অবৈধ পাইপগুলো অপসারণকালে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, বাঁধ ফুটো করে ড্রেজারের মোটা পাইপ স্থাপনের বিষয়ে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে দায়িত্ব নিয়ে এক ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘদিনের। "দৈনিক দেশ রূপান্তর " পত্রিকায় এ বিষয়ে তাদের টানাপোড়নের বিস্তারিত সংবাদ প্রকাশের ১দিন পরেই উপজেলা প্রশাসনের সাথে ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ সরেজমিনে অভিযানে আসলেও সড়ক ও জনবল বিভাগ (সওজ) কে অভিযানে দেখা যায়নি।