কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নে আরও সময় দিল বাংলাদেশ ব্যাংক

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে ‘অ্যাড মানি’ সংক্রান্ত নতুন নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নের সুযোগ পাবেন এমএফএস সেবাদাতা ও কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)। এতে বলা হয়েছে, গত ১৯ মে জারিকৃত পিএসডি-১ সার্কুলার নং-০৩/২০২৬-এর ক্রমিক ২ ও ৩-এ বর্ণিত নির্দেশনা বাস্তবায়নের নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নির্দেশনা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্ড ব্যবহার করে এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার সুবিধা বন্ধ রাখতে হবে।

তবে মে মাসে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

উল্লেখ্য, কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তর ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং ঝুঁকিমুক্ত করতে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের মে মাসে নতুন নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সময় দেওয়া হলো।