অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ১৫ মিনিটের সংবাদ সম্মেলনে ২ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার আর প্রস্তুতি তুলে ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ সেখানে এক প্রশ্নের জবাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের মতো তারকা পেসারদের বিপক্ষে টেস্ট খেলতে পারার রোমাঞ্চ প্রকাশ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে সামলাতে পারছি এবং এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি কি না এটা গুরুত্বপূর্ণ। সাধারণত এ ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাই না, টেস্ট ক্রিকেটে। সবসময় টেলিভিশনে দেখারই সুযোগ হয়। তাই এবার খেলতে পারছি। একজন খেলোয়াড় হিসেবে এটা ব্যক্তিগতভাবে আমার ভেতরে অনেক রোমাঞ্চ কাজ করছে।’
নিজেদের একাধিক ক্রিকেটার চোটে পড়লেও এই টেস্ট সিরিজ ঘিরে নিজদের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। কোন খেলোয়াড় থাকলে ভালো হতো, কোন খেলোয়াড় থাকলে আরো ভালো হতো এগুলা নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে।’
দলের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে শান্ত আরও বলেন, ‘এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি সেটা গুরুত্বপূর্ণ, যেটা এই দলের উপরে আমার আছে।’