জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়ি ভাঙচুর করেছে। আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন (অজুহাত) দিয়েছে যে, আমি কথা বলি নাকি এইজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মরণসভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলমের গাড়িবহরে হামলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আজকেও সারজিসের গাড়িতে হামলা করা হয়েছে। কিন্তু কেন এই হামলা হলো? একটু আগে সিলেটে যে ঘটনা ঘটল, সেখানে তো ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি নামানোর পরেও কীভাবে এই হামলা হয়?
সারা দেশের পরিস্থিতির কথা উল্লেখ করে পাটওয়ারী আরও বলেন, আপনারা জানেন কুড়িগ্রামে ছাত্রশক্তির আহ্বায়কের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনি রক্তাক্ত। বর্তমানে পুরো বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। তবে আমরা এমন সন্ত্রাসের বাংলাদেশ চাই না।
সিলেটে জুলাই পদযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুর গাড়িবহর যুবদল ও ছাত্রদলের হামলার শিকার হয়। পরবর্তীতে দুই দফায় তাদের গাড়িতে হামলা চালানো হয়।