তীব্র বিরোধীতার মুখে সুর নরম ইনফান্তিনোর

বিশ্বকাপের মতো মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া তীব্র অসন্তোষ ও সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর দাবি, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের এই প্রস্তাবটি একটি ‘সুযোগ, তবে কোনো বাধ্যবাধকতা নয়’

এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, “এটি একটি গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নকে আরও বেগবান করার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তবে আমি আবারও বলছি, এটি শুধুই একটি প্রস্তাব বা অফার, কোনো বাধ্যবাধকতা নয়।”

এই পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে ফিফা প্রধান জানান, ফুটবলের বিশাল বাণিজ্যিক মূল্যের খুব কম অংশই মাঠপর্যায়ে পৌঁছায়, যেখানে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি। এই অব্যবহৃত বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং স্পন্সরশিপ, সম্প্রচার স্বত্ব ও লাইসেন্সিংকে নতুন মাত্রায় নিয়ে যেতে অতিরিক্ত বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন, যা খেলা পরিচালনার চেয়ে আলাদা।

ইনফান্তিনো আরও আশ্বস্ত করেন যে, এই প্রস্তাবটি কার্যকরের বিষয়টি ফিফার ২১১টি সদস্য দেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের ওপর নির্ভর করছে। এতে ফুটবলের মূল ধারা বা ভক্তদের অভিজ্ঞতায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বরং বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা এর দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবেন।