জাপানের শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। মঙ্গলবারের (২৮ জুলাই) এ ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে চলেছেন। সূত্র বিবিসি। 

ভূমিকম্পে ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। একটি শপিং মলের অংশ ধসে কয়েকজন নিহত হন। পরে একই মলে বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হলেও তদন্ত চলছে।

প্রায় ৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং বুধবার পর্যন্ত ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন ছিল। এরই মধ্যে এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে তাপপ্রবাহে আশ্রয়কেন্দ্রগুলোতে হিটস্ট্রোকের ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ৩০০টি এয়ার কন্ডিশনার পাঠানোর ঘোষণা দিয়েছে।

এদিকে মূল ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। নতুন কম্পনের আশঙ্কায় অনেক বাসিন্দা ঘরে না ফিরে গাড়িতেই রাত কাটাচ্ছেন।

উদ্ধার অভিযানে হাজারো কর্মী অংশ নিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে কাশিমার একটি শপিং মল এবং ইয়াতসুশিরো শহরের একটি কাগজ কারখানা, যেখানে ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

২০১৬ সালের ভয়াবহ ভূমিকম্পেও কুমামোতো অঞ্চল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও সেই অঞ্চলে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল।