রাজধানীতে ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৩

ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রের ব্যবহার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির মতিঝিল বিভাগ একটি অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিসি মতিঝিলের পরিকল্পনায় এবং ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ও এডিসি মতিঝিলের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এই অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার রাতে ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।

অভিযানে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। এসবের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল ও ব্যাটন স্টিক।

অভিযানকালে তিনজন বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসুদাই গ্রামের আ. সাত্তার ও মাফিয়া বেগমের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত লোকমান হোসেন ও বকুল বেগমের ছেলে মো. আজাদ (৩০) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের মৃত আবু সিদ্দিক ও ফিরোজা বেগমের ছেলে মো. রাজন (৩৪)।

গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।