লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির খোকন মিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দুজন ব্যক্তি মোটরসাইকেলে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছেন।

​সংবাদ পেয়ে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। একটি মোটরসাইকেলের গতি রোধের চেষ্টা করলে চালক ও পেছনে থাকা ব্যক্তি নেমে পালানোর চেষ্টা চালান।

​ঘটনাস্থল থেকে পুলিশ রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক করলেও চালক খোকন মিয়া পালিয়ে যান। পরদিন ২৬ জুন আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

​এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু বলেন, ‘খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি আমরা শুনেছি। গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি। তবে মামলার বিষয়টি ইতোমধ্যে জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। কেন্দ্র বা জেলা থেকে নির্দেশনা এলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’