যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভালো অগ্রগতি হচ্ছে। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেন।
গোর বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
এ বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বাংলাদেশে তিন দিনের সফরে নয়াদিল্লি থেকে গতকাল ঢাকা পৌঁছান। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্জিও গোরকে স্বাগত জানান।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে দেশটির পতাকায় সাজানো একটি কক্ষে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনের সঙ্গে তোলা একটি ছবি যুক্ত করে এক্স-এ নিজের পাতায় একটি পোস্ট দেন বিশেষ দূত। তিনি বলেন, ‘পরবর্তী দুদিনের বৈঠকগুলো ফলপ্রসূ হওয়ার দিকে তাকিয়ে আছি।’
ব্রেন্ট ক্রিসটেনসেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পাতায় এক পোস্টে বলেন, বিশেষ দূতের এ সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করবে।
সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করে থাকেন।
বিশেষ দূত আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তার আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এ ছাড়া, এবারের সফরে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং অধিকার কর্মীদের সঙ্গে সার্জিও গোরের আলাপ করার কথা রয়েছে।