মোদীকে নিয়ে পোস্ট করায় মেটার ভারতপ্রধানের বিরুদ্ধে মামলা

ককরোচ জনতা পার্টি’র আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘বিকৃত ও অবমাননাকর’ ভিডিও এবং ছবি ছড়ানোর অভিযোগে সোশাল মিডিয়া কোম্পানি মেটার ভারতপ্রধান অরুণ শ্রীনিবাস এবং বেশ কয়েকটি ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌড় এবং ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডির পৃথক দুই অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

অভিযোগকারীদের দাবি, সম্প্রতি আন্দোলন চলাকালীন একাধিক ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে এআই প্রযুক্তিতে তৈরি কৃত্রিম ও কুরুচিপূর্ণ ভিডিও এবং ছবি প্রকাশ করা হয়। এসব পোস্টের মন্তব্যগুলোতে অত্যন্ত আপত্তিকর ভাষা ও উপহাসমূলক অশালীন বক্তব্য ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালানো হয়েছে।

এরই মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে আরেকটি ঘটনায়ও ভারত সরকারের তীব্র তোপের মুখে পড়ে মেটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও সাময়িকভাবে ‘ব্লক’ হয়ে যাওয়ার পর ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

সেই বিতর্কের পরপরই আপত্তিকর কন্টেন্ট ইস্যু নিয়ে মেটা প্রধানের বিরুদ্ধে মামলা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের পোস্টগুলোর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মেটা।

মেটা জানিয়েছে, এখন থেকে হাই-প্রোফাইল অ্যাকাউন্ট ও সংবেদনশীল পোস্টের সুরক্ষায় বাড়তি নজরদারি চালানো হবে এবং উর্ধ্বতন স্তরের একাধিক কর্মকর্তার পর্যালোচনার পরই এসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সামগ্রিক বিষয়ে মেটার প্রতিনিধি দলের সঙ্গে শিগগিরই কেন্দ্রীয় সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে।