দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে পাঁচ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেপটাউন থেকে জিম্বাবুয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বেসরকারি বাস ট্রোম্পসবার্গ ও ইডেনবার্গের মধ্যবর্তী এন-১ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে প্রায় ৭৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, আর পাঁচজন গুরুতর আহত।
দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এটি উল্টে যায়।