যশোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বেনাপোলে স্থানীয় সাংবাদিক নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি ঝিকরগাছা উপজেলার ডাংগী গ্রামে সন্ত্রাসী আলাল বাহিনীর তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। নজরুল ইসলাম দৈনিক খবরের কাগজের বেনাপোল প্রতিনিধি।

জানা গেছে সন্ত্রাসীরা ইট দিয়ে নজরুলের মাথা থেতলে দেয়। এ ঘটনায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।  আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 

বেশ কিছুদিন ধরে তিনি তার পত্রিকায় সন্ত্রাসী আলাল বাহিনীর (দিনে কৃষক রাতে সন্ত্রাসী কার্যকলাপ) বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছিল। সেই আক্রোশ থেকেই আজ দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। 

জানা যায় সন্ত্রাসী আলাল বিগত সরকারের আমলে ১ হাজার লোক পাঠিয়ে বাড়ি ঘেরাও করে সাংবাদিক নজরুলকে তার বাড়িতে আটকে রাখা হয়। পরে সাংবাদিকরা প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে। তার ওপর এ ধরনের হামলার ঘটনায় প্রেস ক্লাব, সাংবাদিক ফোরাম, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, সাংবাদিকের ওপর হামলার পরপরই আমি পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের আটকের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।