হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে হামলা আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর গতিরোধ করা হয়েছে। একই সঙ্গে ইরানের সতর্কবার্তা পেয়ে আরও চারটি ট্যাংকার পথ পরিবর্তন করে ফিরে গেছে। 

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ভোরে যুক্তরাষ্ট্রের আকাশপথের নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা দুটি ট্যাংকার ‘ঘোষণাবিহীন রুট’ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রম করছিল। ইরানের সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকার দুটিতে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, একই সময়ে থাকা আরও চারটি ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়।

আইআরজিসি আরও দাবি করে, আগের রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ‘ভুল বিবৃতির’ জবাবে তারা সব জাহাজের মালিক ও বীমা কোম্পানিকে সেন্টকমের বক্তব্যে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে পরিচালিত করেছে এবং আরও চারটি জাহাজে উঠে সেগুলোর চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এ ছাড়া সেন্টকম আইআরজিসির সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল নিরাপদ নয়। যুক্তরাষ্ট্রের দাবি, বেসামরিক নাবিকদের জন্য সবচেয়ে বড় হুমকি আইআরজিসির কর্মকাণ্ড।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানে একাধিক হামলা চালানোর পর ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে আসছে