দুই দশক পর কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন লেখক তসলিমা নাসরিন। 

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দিল্লি থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সাদা-লালপাড় শাড়ি পরা তসলিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর বন্ধু, অনুরাগী ও কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে।’

এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’

‘সেকুলার মিশন’, ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন (HRBFF)’ এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’-এই তিন সংগঠনের আমন্ত্রণে কলকাতায় গেছেন তসলিমা। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও।

শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

তসলিমা নাসরিন সর্বশেষ ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হন। সে সময় তাঁর ‘দ্বিখণ্ডিত’ বইকে কেন্দ্র করে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে নিরাপত্তাজনিত কারণে তাঁকে কলকাতা ছাড়তে হয়। এরপর দীর্ঘ সময় তিনি সেখানে ফেরেননি।