হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিনদিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার-২০২৬-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র স্টল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে স্টলের উদ্বোধন করেন।
স্টল উদ্বোধনকালে মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল হজ গমনেচ্ছুদের জন্য শরীয়াহভিত্তিক আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করা।
সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকটি দীর্ঘদিন ধরে হজ ও ওমরাহ্ পালনেচ্ছুদের জন্য বিভিন্ন সেবা, পরামর্শ এবং আকর্ষণীয় শরীয়াহভিত্তিক আমানত ও সঞ্চয় স্কিম পরিচালনা করে আসছে। তিনি উপস্থিত সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাকির হোসেনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা।
তিনদিনব্যাপী এ মেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টলে হজ ও ওমরাহ্-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা, হজ ডিপোজিট স্কিম, বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স, কার্ড সেবা, ডিজিটাল ব্যাংকিংসহ হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আর্থিক সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে।