সাড়া ফেলেছে অমর প্রেম

ছোটপর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় এসে দর্শকদের মন জয় করে নিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখ। তাদের অভিনীত ‘অমর প্রেম’ নাটকটি উন্মুক্ত হতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও নাট্যপাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রেম, পরিবার ও আবেগী সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি এই নাটকে তটিনী-পার্থ জুটির অনবদ্য রসায়ন সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজের সিনিয়র তারকা ও নির্মাতাদের কাছেও দারুণ প্রশংসিত হচ্ছে।

জাহিদুল ইসলাম সুজনের পরিচালনায় এই নাটকের মাধ্যমে প্রায় সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা পার্থ শেখ। বিয়ের পর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। তবে বিরতি শেষে নিজের অভিনয়ের ‘দ্বিতীয় ইনিংসে’ নেমেই একদম বাজিমাত করেছেন এই অভিনেতা।

পার্থর এমন দুর্দান্ত প্রত্যাবর্তনে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব। পার্থ শেখের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’ একইভাবে নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। পাশাপাশি জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরাউল রাফাত, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখিসহ একাধিক খ্যাতনামা নির্মাতা তটিনী-পার্থর রসায়নের ভুয়সী প্রশংসা করেছেন।

নতুন এই জুটি নিয়ে পরিচালক জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘নতুন গল্প আর নতুন জুটি নিয়ে এটি ছিল আমাদের একটি সাহসী চেষ্টা। জ্যেষ্ঠ শিল্পী ও নির্মাতাদের ভালোবাসা আমাদের যাত্রা সুন্দর করেছে। আর তটিনীর সহযোগিতাপূর্ণ আচরণের জন্য নির্মাতা হিসেবে আমি কৃতজ্ঞ।’

জাহিদুল ইসলাম সুজন, রাসেল পারভেজ ও শাহরিয়ার সজিবের চিত্রনাট্যে নির্মিত এবং সিএমভি প্রযোজিত এই নাটকটি গত ২৬ জুলাই ইউটিউবে উন্মুক্ত করা হয়। মুক্তির পাঁচ দিনেই নাটকটি ৬৩ লাখ ভিউ ছাড়িয়েছে।

তটিনী ও পার্থ শেখ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ ও রাশেদ মামুন অপু।