আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সব সরকার গ্রহণ করেছে। বাকি সংস্কারগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে।
গতকাল শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এনসিপির দায়ের করা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার যদি আদালত, আইন বা পুলিশের ওপর নিয়ন্ত্রণ করতো, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে, এখন যথাযথ তদন্ত হবে। যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি নিজেই বলেছেন দেশে ফিরবেন। তিনি দেশে এসে আইনের কাছে আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা কোনো পদক্ষেপ নেবে না।
মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত জামিন পাওয়ার বিষয়ে তিনি বলেন, বিচারকরা মামলার নথিপত্র ও আইনগত বিষয় বিবেচনা করেই জামিন দেন। আদালতের এ ধরনের সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করা শোভনীয় নয়।
এর আগে বৃক্ষমেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।