বিরোধীদলীয় নেতা বললেন

চাঁদাবাজিকে জাতীয় সনদ দিচ্ছে সরকার

চাঁদাবাজির জন্য সরকারে থাকা বিএনপিকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দুর্নীতি দমনে ক্ষমতাসীন বিএনপির আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান।

চাঁদাবাজির জন্য বিএনপিকে দায়ী করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চেষ্টা করছে, এটাকে কিছু নিচে নামিয়ে আনার। মানে, এটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হলো।’ তিনি বলেন, ‘১ কোটি দেড় কোটি মানুষকে তারা চাকরি দেবেন, তাই না? অনেকে বলে, চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পোস্ট্যান্ডের চাকরি, এই চাকরি তো জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে।’

গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ঢাকায় এক  অনুষ্ঠানে বলেছিলেন, ‘আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত, তারা এখনো তা আটকে দিচ্ছে। লোকজন ভোল পাল্টাচ্ছে।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শফিকুর রহমান বলেন, ‘তারেক রহমানের ইশারায় সবকিছু চললে দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন? পাঁচ মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরং বৃদ্ধি পেয়েছে।

জামায়াতের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি কওে শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমরা আল্লাহর ওপর চূড়ান্ত ভরসা রাখি।’

গণভোটের রায় বাস্তবায়ন না করলে তা বরদাশত করা হবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।