বগুড়ার কাহালুতে ট্রাক- পিকআপ সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় নিশ্চিতে করতে কাজ করছে পুলিশ।
পরিচয় পাওয়া দু’জন হলেন, ময়মনসিংহ জেলা সদরের রাঘবপুর এলাকার মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০) ও একে জেলার গৌরীপুর থানার পাতাসি এলাকার তরিকুল ইসলাম রিয়াদ (২১)। নিহত চারজনেই পিকআপ চালক, হেলপার এবং যাত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কে কাজিপাড়া এলাকায় অন্য একটি দুরপাল্লার বাসকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক হেলপারও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত দুজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর দু’জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।