কালিন্দী নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল ইছামতীতে 

সাতক্ষীরার কালীগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ পিয়ার আলী গাজী (৮৪)-এর মরদেহ ৩৬ ঘণ্টা পর সীমান্তবর্তী ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত ছফেদ আলী গাজীর ছেলে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং স্ট্রোকের পর থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

নিহতের ছেলে আব্দুস সবুর জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের অগোচরে জাল নিয়ে কালিন্দী নদীতে মাছ ধরতে যান তার বাবা। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গ্রামবাসীরাও তল্লাশিতে অংশ নেন।

গতকাল শুক্রবার ভোর থেকে ফায়ার সার্ভিস, কালীগঞ্জ থানা পুলিশ, বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্য, খুলনা থেকে আসা ডুবুরি দল এবং স্থানীয়রা দিনব্যাপী উদ্ধার অভিযান চালালেও কোনো সন্ধান মেলেনি। 

কিন্তু রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে আব্দুস সবুরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

আব্দুস সবুর বলেন, ৩৬ ঘণ্টা ধরে বাবাকে জীবিত ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত তাকে ফিরে পেলাম, কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।