বিয়ের পর শুটিংয়ে ফিরেই আহত হলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা। জানা গেছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’—দুই সিনেমার শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পেয়েছেন এই তারকা। চোটের কারণে আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুই সিনেমাতেই রয়েছে একাধিক লড়াই ও নাচের দৃশ্য। এমনই একটি দৃশ্যে অভিনয় করার সময় চোট পান রাশমিকা। আঘাত এতটাই গুরুতর যে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়। নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের কারণে তাদের এমন আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। ফলে একজন অভিনেত্রীর ক্ষেত্রে এ ধরনের গুরুতর চোট দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রাশমিকাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।