বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য তাদের 'ভিসা বন্ড' বা আর্থিক জামানত কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ জুলাই) মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়, যা আগামী ৩ আগস্ট থেকে চূড়ান্তভাবে কার্যকর হবে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা (Visa Overstay) কমাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মটি বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত চাইতে পারবেন।

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত নেওয়ার সুযোগ ছিল। তবে নতুন বিধিমালায় ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ জামানতের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

নতুন বিধিমালা ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে। এ কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার। দক্ষিণ এশিয়া থেকে তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে অভিবাসন-অধিকারকর্মীদের মতে, এ নীতি বৈধ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিরুৎসাহিত করবে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার পরিপন্থী। একই সঙ্গে এটি জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে বর্ণভিত্তিক বৈষম্যকে উৎসাহিত করতে পারে।

সূত্র: রয়টার্স