নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া (৪৫) ওই এলাকার সফুর উদ্দিনের ছেলে ও বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।
অভিযুক্তরা হলেন একই এলাকার সুন্দর আলীর ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সহ সভাপতি। তার ছেলে জীবন মিয়া।
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন বড়চাপা পূর্বপাড়ার মিজান ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি সড়ক নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে সড়কে থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।