রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরের ঘটনায় কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, নিহত দিপু খিলগাঁওয়ের সি ব্লকের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম শামসুদ্দিন খান। তিনি এলাকায় পানির ব্যবসা করতেন।
এসআই জানান, গত ২৯ জুলাই সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে ভ্যানে করে দিপুকে তুলে নিয়ে শাহজাহানপুর এলাকায় মারধর করা হয়। পরে রাতের দিকে দুর্বৃত্তরা তাকে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন।
তিনি আরও জানান, অর্থসংকটের কারণে স্বজনরা দিপুকে বাসায় নিয়ে যান। পরে শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন মিয়া বলেন, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।