আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব পরিচালিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতিরা।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে তারা ঢাকার উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেন।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী, তদন্ত কর্মকর্তা, মানবাধিকারকর্মী নূর খান লিটন, মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা তুলি এবং সাংবাদিকরা।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কথিত ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন চিফ প্রসিকিউটর র্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের আবেদন করেন।
প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এসব স্থাপনায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের আটক, নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার উত্তরার র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেলের কথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও সংশ্লিষ্টরা।