নতুন স্পাইডার-ম্যান!

ফুটবল মাঠের গোলপোস্ট সামলানোর দায়িত্ব ছেড়ে এবার নতুন এক আঙ্গিকে দেখা মিলল কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনহাকে। রূপালি পর্দার সুপারহিরোর দুনিয়ায় নাম লেখালেন তিনি! না, সরাসরি কোনো মুভিতে না। মার্ভেলের সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার অফিশিয়াল প্রমোশনাল ভিডিওতে অভিনয় করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছেন এই গোলরক্ষক।

কেপ ভার্দের সাঁও ভিসেন্তে দ্বীপের কাম্পো দো বিতিম মাঠে ধারণ করা হয়েছে মার্ভেলের এই চমকপ্রদ বিজ্ঞাপনটি। যেখানে কোলো-কোলোর নতুন এই গোলরক্ষককে গায়ে সুপারহিরোর জার্সি চাপিয়ে দারুণ এক বার্তা দিতে দেখা যায়। ভিডিওর মূল থিম ছিল, ভোজিনহার ফুটবলীয় রূপকথার মতোই যেকোনো সাধারণ মানুষ চাইলেই নিজের জায়গা থেকে পরিবর্তন এনে সুপারহিরো হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই প্রোমো ভিডিও শেয়ার করে ভোজিনহা তার অনুসারীদের সিনেমাটি দেখার আহ্বানও জানান। 

বিশ্বকাপের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহার অনুসারীর সংখ্যা ছিল মোটে ৫০ হাজারের মতো। কিন্তু স্পেনের ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে অবিশ্বাস্য সব সেভে তিনি বনে যান ওই আসরের অন্যতম বড় ব্রাইট স্টারের। মাঠের এই বীরত্বই তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা রাতারাতি ছাড়িয়ে যায় বিশাল সংখ্যায়, যেই সংখ্যা এখন প্রায় ৩ কোটির কাছাকাছি। তাই কেবল মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, ভোজিনহার এই অবিশ্বাস্য জনপ্রিয়তাই তাকে টেনে এনেছে সেলুলয়েডের ফ্রেমে।

কেপ ভার্দের হয়ে এই রূপকথার ইতিহাস গড়ার পর ক্লাব ফুটবলেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। চিলির বিখ্যাত ক্লাব কোলো-কোলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করে বর্তমানে ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। তার আগেই সবুজ মাঠের সীমানা ছাড়িয়ে মার্ভেলের সুপারহিরো ইউনিভার্সে তার এই অপ্রত্যাশিত এন্ট্রি প্রমাণ করে দিয়েছে যে, ৪০ বছর বয়সে এসে তারকা বনে যাওয়া ভোজিনহার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী।