চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দক্ষিণ ক্যাম্পাসের বন্য শুকরের আক্রমণের শিকার হওয়া এক বিশালাকৃতির অজগর উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা। শনিবার (১ আগস্ট) বিকেলে ক্যাম্পানের পাশে পাহাড়ঘেঁষা জঙ্গল থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়ি জঙ্গল এলাকায় অজগরটি একদল বন্য শুকরের আক্রমণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পরপরই উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অজগরটিকে উদ্ধার করতে সক্ষম হন।
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, দুপুরের পর আমরা খবর পেয়ে সাপটিকে জঙ্গল থেকে উদ্ধার করি। শুকরের আক্রমণে সাপটি বেশ কয়েকটি জায়গায় জখম হয়েছে। আহত অজগরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলে জঙ্গলে অবমুক্ত করা হবে।