কঙ্কালের সঙ্গে তুলনা, কটাক্ষের জবাবে যা বললেন আরিয়ানা

সবচয়ে কম বয়সী গ্র্যামি জেতা মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘পেটাল’ মুক্তি পেয়েছে গতকাল ৩১ জুলাই। গানটির মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই গায়িকার শারিরীক গঠন নিয়ে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির প্রথম ঝলকেই গায়িকাকে অত্যন্ত রোগা দেখাচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তাকে নাকি কঙ্কালসার দেখতে লাগছে। অন্যদিকে, অনুরাগীদের একাংশের বক্তব্য, শিল্পীর ব্যক্তিগত শারীরিক গঠন নিয়ে লাগাতার মন্তব্য করা বন্ধ হওয়া উচিত। 

পরিচালক ক্রিশ্চিয়ান ব্রেসলাউয়ারের তৈরি এই ভিডিওর পেপার নামে এক উদীয়মান শিল্পীর চরিত্রে দেখা গেছে আরিয়ানাকে। বার বার অডিশনে ব্যর্থ হওয়া, ‘যোগ্য নন’ বা ‘বাজারে বিক্রি হওয়ার মতো নন’— এমন মন্তব্য শুনতে শুনতে চরিত্রটির মানসিক পরিবর্তনের গল্পই উঠে এসেছে ভিডিওতে। শেষে একটি ‘ফরচুন কুকি’ থেকে পাওয়া বার্তা— ‘তোমাকে যেখানেই বপন করা হবে, সেখানেই ফুল হয়ে ফুটবে’। 

রেট্রো ঘরানার চিত্রনির্মাণ, প্রতীকী গল্প বলা এবং আবেগঘন উপস্থাপনার প্রশংসা করলেও, সমাজমাধ্যমের বড় অংশের নজর ছিল আরিয়ানার চেহারার দিকেই। ভিডিওটি প্রকাশের পরে ইনস্টাগ্রামে একটি অংশ ভাগ করে নিয়ে আরিয়ানা লেখেন, ‘পেটাল’ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। এর পরেই মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ গান ও নির্মাণশৈলীর প্রশংসা করলেও, অনেকেই তার ওজন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। 

প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজের চেহারা নিয়ে প্রকাশ্যে মন্তব্যের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছেন আরিয়ানা। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, কারও চেহারা নিয়ে মন্তব্য— তা প্রশংসাই হোক বা সমালোচনা— অনেক সময়েই অস্বস্তিকর হতে পারে। তাঁর মতে, অন্যের শরীর, মুখ বা চেহারা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করাকে সমাজ অত্যন্ত স্বাভাবিক করে ফেলেছে, যা মোটেই স্বাস্থ্যকর নয়।