আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক মানুষের জীবনের বাস্তবতা তুলে ধরে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পৃথিবীর মানুষ সাধারণত অন্যের অশ্রু, দুঃখ কিংবা অন্তরের কষ্ট উপলব্ধি করে না। এসবের একমাত্র সাক্ষী সর্বশক্তিমান আল্লাহ। তবে কেউ সামান্য একটি ভুল করলে সেটিই মানুষের নজরে সবচেয়ে বেশি আসে।
মুফতি মেঙ্ক লেখেন,
পৃথিবী কঠিন জায়গা। কেউ আপনার অশ্রু, আপনার দুঃখ কিংবা আপনার কষ্ট লক্ষ্য করে না। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই তা দেখেন। কিন্তু আপনি সামান্যতম কোনো ভুল করলেই সবাই তা লুফে নেয়। এটাই পৃথিবীতে মানুষের জীবনের প্রকৃতি।
তার এই সংক্ষিপ্ত বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আলি কুরেশি নামে একজন স্করার মন্তব্য করেছেন,
আপনি যা বলেছেন, তা সত্য। তবে এসব মানুষকে খুব বেশি গুরুত্ব দেবেন না। কারণ তারা আপনাকে তাদের নিজস্ব উপলব্ধি ও মানসিকতার আলোকে বিচার করছে। এর সঙ্গে আপনার প্রকৃত সত্তার কোনো সম্পর্ক নেই। বরং এটি তাদের নিজেদের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে।
সবচেয়ে উত্তম হলো, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়গুলো পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণই হলো সেই চাবিকাঠি, যা মানুষকে আরো উচ্চতর উপলব্ধির স্তরে উন্নীত করে।
আমরা এই দুনিয়ায় আজ যে বীজ বপন করছি, ইনশাআল্লাহ আখেরাতে তারই ফসল ঘরে তুলব।