চীনের এআই জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

পৃথিবীব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বাড়াতে চীনের নেতৃত্বে গঠিত হয়েছে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও)। গত ১৬ জুলাই চীনে অনুষ্ঠিত বিশ্ব এআই সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে সংস্থাটির ঘোষণা দেওয়া হয়।

চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে সদরদপ্তরভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থার প্রাথমিক সদস্য হয়েছে ২৯টি দেশ। সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি দেশ।

বাংলাদেশ প্রাথমিকভাবে সংস্থাটির পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১ আগস্ট) ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ডব্লিউএআইসিওর লক্ষ্য হলো এআই উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, বৈশ্বিক এআই উন্নয়নে উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং এআই প্রযুক্তির নিরাপদ ও মানবকল্যাণমুখী ব্যবহারের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে সহযোগিতা করা।

সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সব দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে তিনি বলেন, কোনো একক দেশের নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি থাকা উচিত নয়। তাঁর ভাষায়, এআইয়ের উন্নয়ন কোনো একটি দেশের একক উদ্যোগ নয়; এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়া প্রয়োজন।