গার্দিওলা যুগের পর প্রথম ম্যাচেই ইন্তারের কাছে হার ম্যানসিটির

হংকংয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মিলানের কাছে পেনাল্টি শুটআউটে হেরে এনজো মারেস্কার অধীনে নতুন যাত্রা শুরু করল ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

গত জুনে পেপ গুয়ার্দিওলার স্থলাভিষিক্ত হওয়ার পর মারেস্কার অধীনে এটাই ছিল সিটিজেনদের প্রথম ম্যাচ।

হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে উন্মুক্ত আক্রমণের প্রথমার্ধে ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বাঁ প্রান্ত থেকে অ্যান্টোইন সেমেনিয়োর দূরদর্শী পাস থেকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড ডিভিন মুবামা। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা সেমেনিয়ো একা কয়েকজনকে ড্রিবল করে ব্যবধান ২-০ করার সুযোগ পেয়েছিলেন, তবে ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেস তা দারুণভাবে রুখে দেন।

এর কয়েক মিনিটের মাথায়ই সমতায় ফেরে ইন্টার মিলান। সিটির রক্ষণভাগ জামাল ইদ্রিসুর একটি ক্রস বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পান বেঞ্জামিন প্যাভার্ড। পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে পাঠাতে ভুল করেননি এই ফরাসি ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলই গোলের বেশ কিছু সুযোগ হাতছাড়া করে। একাধিক খেলোয়াড় পরিবর্তনের কারণে ম্যাচের গতি কিছুটা মন্থর হয়ে পড়লেও শেষ দিকে সিটি একের পর এক আক্রমণ চালায়। ভিতোর রেইসের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং তরুণ উইঙ্গার রায়ান ম্যাকআইডুর চমৎকার কার্লিং শট পোস্টে আঘাত করলে নির্ধারিত সময়ে জয়সূচক গোল থেকে বঞ্চিত হয় ম্যানচেস্টার সিটি।

ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। সেখানে ইন্টারের হয়ে জয়সূচক শেষ শটটি থেকে গোল করেন মাত্তেও লাভেলি, যার মাধ্যমে ৩-১ ব্যবধানে শুটআউট জিতে নেয় ইন্টার।

মারেস্কার সামনের কঠিন চ্যালেঞ্জ

গত এক দশকে পেপ গুয়ার্দিওলার অধীনে ২০টি ট্রফি জেতা সিটিকে সাবেক ছন্দে ধরে রাখা মারেস্কার জন্য বিশাল পরীক্ষা হতে যাচ্ছে। এর আগে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েট দলের যে দুর্বিষহ অবস্থা হয়েছিল, সেই স্মৃতি মনে রেখে ম্যান সিটির নতুন কোচকে এখন থেকেই সতর্ক পদক্ষেপ নিতে হবে।