রেল ও সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আকস্মিক সফরে কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। গতকাল শনিবার (০১ আগস্ট) স্টেশন এলাকায় পৌঁছে তিনি সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরবর্তীতে স্টেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), প্রধান প্রকৌশলী (পূর্ব) সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশনের পরিবেশ, ভৌত অবকাঠামো ও চলমান যাত্রীসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিঠু, কক্সবাজার রেল শ্রমিক দলের আহ্বায়ক শুভংকর দেসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।