কাজের যথাযথ মূল্যায়ন চান রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তারা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাজের যথাযথ মূল্যায়নের মাধ্যমে নিয়মিত পদোন্নতি নিশ্চিত এবং দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বাংলাদেশ। সংগঠনটির মতে, যোগ্য কর্মকর্তারা সময়মতো পদোন্নতি না পাওয়ায় কর্মক্ষেত্রে অসন্তোষ বাড়ছে, যা ব্যাংকের সুশাসন ও সেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান, জহির রায়হান, খালিদ সাইফুল্লাহ, জাকির হোসেন, সুমন ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, সনিয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক মোতাহের হোসেন বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেবার পরিধি ও দায়িত্ব ক্রমাগত বাড়লেও কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য চলছে। এর ফলে অনেক যোগ্য কর্মকর্তা বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, সুপারনিউমারারি পদোন্নতির জটিলতা এবং নতুন অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে পদোন্নতি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ২০২৪ ও ২০২৫ সালের নিয়মিত পদোন্নতি কার্যক্রম নীতিগত সীমাবদ্ধতার কারণে বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি নতুন অর্গানোগ্রাম অনুমোদন ও পদসংখ্যা পুনর্নিধারণে বিলম্ব হওয়ায় শূন্য পদের সংকট তৈরি হয়েছে।

নেতারা বলেন, কোনো প্রতিষ্ঠানের মূল শক্তি তার কর্মকর্তা-কর্মচারীরা। তাদের কাজের স্বীকৃতি ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কাক্সিক্ষত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়মিত পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত নতুন অর্গানোগ্রাম অনুমোদনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ নিজেদের একটি প্রেসার গ্রুপ ও নীতিগত পরামর্শদাতা প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে দেশের অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভূমিকা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কার ও কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়। পরে সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।