বিদায়ী সপ্তাহে ডিএসই

বাজার মূলধন বাড়ল ৪ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জুলাই) সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৪ হাজার কোটি টাকা বেড়েছে। আলোচ্য সময়ে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার ধারায় ছিল লেনদেন কার্যক্রম। এতে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে বেড়েছে মূল্যসূচক।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৪টির শেয়ার ও ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির। আর অপরিবর্তিত ছিল ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এতে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৯৬৩ কোটি টাকা।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকেরও উত্থান হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৯১ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৯৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ।

অপর দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ১২ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের সপ্তাহে সূচটি কমে ২৩ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ।

আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৪ দশমিক ৫০ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩৪ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ৩৪ লাখ টাকা বা দশমিক ৩১ শতাংশ।