শাহ আমানতে ৪২৭ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৭ গ্রাম ওজনের ৯টি স্বর্ণপিন্ডসহ তামিম আনসারী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি দল। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইট (এ৯-৫২৬) অবতরণের কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম কালে তাকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে তল্লাশি করে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ পেস্ট আকারে লুকিয়ে বহন করা অবস্থায় ৯টি স্বর্ণ টুকরা উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি দল। আটক হওয়া তামিম আনসারী, পাসপোর্ট : তঅ৮০৬২৮৪। তার ঠিকানা : চেন্নাই, তামিল নাডু। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ চোরাচালানে জড়িত ও আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াও চলমান এবং মামলা শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।