দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হওয়া যেকোনো সামরিক অভিযানের চেয়েও নজিরবিহীন মাত্রায় ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল।
তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র এবং খোদ ইরান যুক্তরাষ্ট্রকে এই সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য অনুরোধ জানায়। ট্রাম্পের ভাষ্যমতে, একটি সম্ভাব্য চুক্তির মূল রূপরেখা তৈরি হয়ে যাওয়ায় তারা এ অনুরোধ জানায়।
ট্রাম্প জানান, প্রস্তাবিত ওই চুক্তিতে প্রধান দুটি শর্ত হলো- হরমুজ প্রণালি সব ধরণের চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো।
হামলা বাতিলের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প লেখেন, ‘বিশ্বের সার্বিক কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের কথা ভেবেই আমি এই সামরিক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। তবে শর্ত একটাই- চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে হবে।’ এই পদেক্ষেপে ইসরায়েলেরও পূর্ণ সমর্থন রয়েছে বলে তিনি দাবি করেন।
পোস্টের ইতি টেনে মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানান, ‘সবাই পুরোদমে কাজে লেগে পড়ুন এবং অবিলম্বে চুক্তিটির চূড়ান্ত রূপ দিন। ধন্যবাদ।’
এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা ও দাবির বিষয়ে ইরান বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা