সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রবিবার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা নিজ কার্যালয়ে যোগ দিতে এলে তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সকাল ৮টায় নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা প্রথমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এসব আইন কর্মকর্তার নিয়োগ ঘোষণা দেয়া হয়। সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয় সরকার।
একই আদেশেই আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল ঘোষণা করা হয়।