সংঘাতের বাজারে রেকর্ড আয় দুই মার্কিন তেল কোম্পানির

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং জ্বালানি পরিশোধন (রিফাইনিং) মার্জিন বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের দুই জ্বালানি কোম্পানি এক্সনমোবিল ও শেভরন। সূত্র নিউ ইয়র্ক টাইমস। 

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক এক্সনমোবিল জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ডিজেল উৎপাদন থেকে রেকর্ড আয় এ মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এ সময় কোম্পানিটির মোট রাজস্ব বেড়ে হয়েছে ১১৬ দশমিক ২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

অন্যদিকে হিউস্টনভিত্তিক শেভরনের দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় চার গুণ। একই সময়ে তাদের রাজস্ব বেড়েছে ৫৬ শতাংশ, হয়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬ বিলিয়ন ডলার।
 
এদিকে ইউরোপের ছয়টি বৃহৎ তেল কোম্পানিও চলতি বছরের প্রথম প্রান্তিকে সম্মিলিতভাবে ২২ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশের বেশি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহে চাপ সৃষ্টি হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যার সরাসরি সুফল পেয়েছে বড় জ্বালানি কোম্পানিগুলো।

এক্সনমোবিল জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী রিফাইনিং সক্ষমতার প্রায় ৯ শতাংশ ব্যাহত হয়েছে। ফলে দ্বিতীয় প্রান্তিকে রিফাইনিং মার্জিন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে কাতারের এলএনজি স্থাপনায় ক্ষয়ক্ষতির কারণে কোম্পানিটির প্রাকৃতিক গ্যাস উৎপাদন কিছুটা কমেছে।

শেভরন জানায়, আন্তর্জাতিক বাজারে তাদের গড় অপরিশোধিত তেল বিক্রির দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া ২০২৫ সালে হেস করপোরেশন অধিগ্রহণের পর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির আয় আরও বেড়েছে।

তবে সৌদি আরব ও কুয়েতের মধ্যবর্তী পার্টিশনড জোনে উৎপাদন হ্রাস এবং আন্তর্জাতিক রিফাইনারিগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ কমে যাওয়ায় শেভরন কিছুটা নেতিবাচক প্রভাবেরও মুখে পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারের ওপরে থাকায় ভোক্তাদের অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক জনমত জরিপেও অর্থনৈতিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।

তবে রেকর্ড মুনাফা সত্ত্বেও প্রাক-বাজার লেনদেনে এক্সনমোবিলের শেয়ারের দাম ১ দশমিক ৫ শতাংশ এবং শেভরনের শেয়ারের দাম ০ দশমিক ৩ শতাংশ কমেছে।