এবার দাবানলের কবলে যুক্তরাষ্ট্র

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড উচ্চ তাপমাত্রা এবং দাবানলের চরম ঝুঁকি তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, সপ্তাহান্তজুড়ে উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে অনুকূল আবহাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ দাবানল। সূত্র এবিসি নিউজ। 

শনিবার (২ আগস্ট) ওরেগন থেকে মন্টানা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে দাবানল-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ওয়াশিংটন অঙ্গরাজ্য ও ওরেগনের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস এবং অত্যন্ত শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ওয়াশিংটনের স্পোকেনের কাছে একটি দাবানলে আগুন গাছের চূড়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। এতে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, খরার কারণে শনিবার অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ওয়াশিংটনের গভর্নর। একই সঙ্গে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা স্থানে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে গভর্নরের কার্যালয় জানিয়েছে, এ নিষেধাজ্ঞার আওতায় নির্দিষ্ট নিরাপত্তাবিধি মেনে গ্যাস বা তরল জ্বালানিচালিত চুলা ও গ্রিল ব্যবহার, প্রয়োজনীয় অনুমতি নিয়ে কৃষি বা বন ব্যবস্থাপনাসংশ্লিষ্ট আগুন এবং নির্ধারিত ফায়ার রিং বা ফায়ার পিটে ক্যাম্পফায়ার করার ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

ওরেগন ও ওয়াশিংটনের পূর্বাঞ্চলে একাধিক বড় দাবানল এখনও জ্বলছে। এসব আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় আকাশ ধোঁয়াটে হয়ে পড়েছে এবং বায়ুর মানেরও অবনতি ঘটেছে।

চলতি মৌসুমে শুধু ওরেগনেই দাবানলে ১৭ লাখ একরের বেশি বন ও জমি পুড়ে গেছে। বর্তমানে অঙ্গরাজ্যটিতে অন্তত ৩০টি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে ওরেগনে রেকর্ড ১৯ লাখ ৩০ হাজার একর এলাকা দাবানলে পুড়ে গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দুই-তৃতীয়াংশেরও বেশি এলাকা বিভিন্ন মাত্রার খরার কবলে রয়েছে। ওরেগনের অর্ধেকের বেশি অঞ্চল তীব্র খরায় আক্রান্ত এবং প্রায় ২০ শতাংশ এলাকা চরম খরার মুখে রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমাঞ্চলের পাঁচ কোটিরও বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে মন্টানা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, ফিনিক্স, সল্ট লেক সিটি এবং মন্টানার বিলিংস শহরে এক্সট্রিম হিট ওয়ার্নিং কার্যকর রয়েছে।

ফিনিক্সে শনিবার ও রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ১১৬ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে, যা দৈনিক তাপমাত্রার রেকর্ড স্পর্শ বা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।