যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘যুদ্ধের আগুনে পুড়তে হবে’, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে সহায়তা করা বা ওয়াশিংটনের ‘প্রতিরক্ষার ঢাল’ হিসেবে কাজ করা যেকোনো দেশকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। সূত্র তাসনিম নিউজ। 

শনিবার (১ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ উসকে দেওয়ার নীতি আরও জোরদার করছে। তার দাবি, পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার এবং ‘অবৈধ আধিপত্য’ প্রতিষ্ঠার লক্ষ্যেই ওয়াশিংটন এই কৌশল অনুসরণ করছে।  

আবদুল্লাহি অভিযোগ করেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা মুসলিম দেশগুলোর স্বার্থ ও সম্পদের বিরুদ্ধে যেকোনো ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উচিত উপলব্ধি করা যে যুক্তরাষ্ট্র তাদের অর্থ, সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত সক্ষমতাকে নিজেদের সেনাবাহিনীর ‘প্রতিরক্ষার ঢাল’ হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে এসব সম্পদ ব্যবহার করে তারা ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করছে।

ইরানি এই জেনারেলের দাবি, সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য আগের মতো নেই। ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ড ও সক্ষমতার আড়াল থেকে সংঘাত চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত ব্যয়ও ওই দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে।

আবদুল্লাহি বলেন, মুসলিম দেশগুলোর দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করা উচিত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা বা সমন্বয়ের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, "যে দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে, তাকে যুদ্ধের আগুনে পুড়তে হবে।"

তবে আবদুল্লাহির এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।