পর্ণোগ্রাফি তৈরির অপরাধে চারজন গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নো ছবি ও ভিডিও তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রবিবার (২ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ডিভাইস উদ্ধারের দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজেনা খাতুন সাথী (২৮), সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মামুন অর রশিদ (৩০)।

মামলার অভিযোগে জানা গেছে,আসামিরা দীর্ঘ দিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি গোপন ভিডিও ধারণ করে পর্ণ সাইটে বিক্রি করতো।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে পর্ণোগ্রাফি তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চারজনতে গ্রেপ্তার করে। এসময় একজন আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব  হয়নি।

ওসি স্বপন কুমার সরকার বলেন, পুলিশ বাদী হয়ে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এ মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।