গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে কারা কর্তৃপক্ষ। রবিবার (২ আগস্ট) সকালে তাকে আটক পরে তাকে কোনাবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক রেজাউল করিম (২৮) গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, রবিবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরপি চেক পোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণে সন্দেহজনক মনে হয় দায়িত্বরত কারারক্ষীদের। পরবর্তীতে তার দেহ ভালো করে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা পাওয়া যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইফতেখার হোসেন বলেন, কারাফটকে তল্লাশি করে ইয়াবা পাওয়ায় রেজাউল করিমকে আটক করে কারারক্ষীরা৷ পরে তারা আমাদের কাছে হস্তান্তর করে৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।