প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন থেকে সরবরাহ করা হচ্ছে না— গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ এবং মাহবুবুল ইসলাম।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সংগঠনের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্ট ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন। আর এ আদেশ বাস্তবায়ন করে ৯০ দিনের মধ্যে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া অপর এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও অ্যাম্বেসিকে প্রবাসীদের দাখিলকৃত নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর এ বিষয় বাস্তবায়ন নিয়ে ৩০ দিনের মধ্যে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্রবাসীদের পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।