এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক। 

আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক এবং জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ জুন ২০২৬ তারিখ থেকে পূর্ববর্তী প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের প্রধান কাজ হবে এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। 

প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে আগামী ১২০ দিনের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। 

জানা গেছে, এর আগে আরও দুইজন প্রশাসককে একই দায়িত্বে দেওয়া হলেও নির্ধারিত সময়ে তারা নির্বাচন আয়োজন করতে পারেনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এই আদেশে স্বাক্ষর করেছেন বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শিব্বির বিচিত্র বড়ুয়া। এফবিসিসিআই-এর বর্তমান অচলাবস্থা নিরসন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে গতিশীলতা ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।