ভোলায় মাদকসহ গ্রেপ্তার ৩ 

ভোলা সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানবাজার মোড় সংলগ্ন ভোলা-ইলিশা মহাসড়কে মোবাইল টহল ও চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাব আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানজিল, মো. হৃদয় ও আব্দুল রাজ্জাক। তাদের মধ্যে তানজিলের কাছ থেকে ৭৫০ মিলিলিটার কেয়ারু ভদকা, হৃদয়ের কাছ থেকে প্রায় ৪০০ মিলিলিটার কেয়ারু ভদকা এবং আব্দুল রাজ্জাকের কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি নম্বরবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে ভোলা সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।