প্রধানমন্ত্রীর সাথে রোবট কম্পিটিশনে বিশ্বচ্যাম্পিয়ন দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ‘মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা।

রবিবার (২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী দলটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সরকার সহায়তা করবে। তিনি তৈরি পোশাকশিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন, যাতে বহুমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তোলা যায়।

বৈঠকে এমআইএসটির শিক্ষার্থীরা জানান, পড়াশোনা শেষে তাঁরা প্রযুক্তি খাতে কাজ করতে এবং নিজেদের উদ্যোগে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের মধ্যে প্রতিযোগিতা করে এমআইএসটির ‘এমআইএসটি ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানারআপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় হয়। উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধান এবং দলগত সমন্বয়ের ভিত্তিতে অর্জিত এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।